সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়খিলগাঁওয়ে গুলিতে ডলার ব্যবসায়ী গুলিবিদ্ধ, ছেলে নিহত

খিলগাঁওয়ে গুলিতে ডলার ব্যবসায়ী গুলিবিদ্ধ, ছেলে নিহত

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান শান্তিপুর স্কুলের সামনের রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে শরীফ হোসেন সায়েম (২৩) নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় তার বাবা ইসরাইল হোসেন (৫৫)  গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে তাদের স্থানীয় খিদমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ছেলে সায়েমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী  বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবা ও ছেলেকে গুলি করা হয়। আহতাবস্থায় প্রথমে তাদের খিলগাঁও খিদমা হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ছেলে সায়েমকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থাও গুরুতর। তিনি বলেন, আমরা এখনো গুলিবিদ্ধ ব্যক্তির সঙ্গে কথা বলতে পারিনি। তার সঙ্গে কথা বলার পর বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানা যাবে। এ ব্যাপারে আহত ইসরাইল বলেন, আমার কাছে ৪৮ লাখ টাকা ছিল। কে বা কারা আমাদের দু’জনকে গুলি করে সঙ্গে থাকা ওই টাকা নিয়ে যায়। তিনি পেশায় একজন ডলার ব্যবসায়ী বলেও জানান।

এদিকে, গাড়িচালক আবদুল আলীম বলেন, আমার সাহেব মতিঝিলের  ইউনিভার্সেল মানি এক্সচেঞ্জের মালিক। তিনি বলেন, অফিস থেকে সাহেব এবং তার ছেলেকে গাড়িতে উঠিয়ে বাসায় ফেরার সময় খিলগাঁও গোরান শান্তিপুর রুনু সাহেবের বাড়ির নিচতলার গ্যারেজে সাহেবের গাড়ি পার্কিং করি। এরপর গ্যারেজ থেকে নেমে আমার সাহেব ও তার ছেলে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। পরে হঠাৎ করে গুলির শব্দ শুনে ছুটে যাই। সেখানে গিয়ে তাদের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ