সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য ১০৭ জনের আগ্রহ...

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য ১০৭ জনের আগ্রহ প্রকাশ

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য ১০৭ জন আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের অফিসে তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শিহাবুজ্জামান শিহাব এবং সহ সম্পাদক  আসাদুজ্জামান নাদিমের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আসাদুজ্জামান নাদিম জানান, গতকাল তারা যেসব জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছেন তা দক্ষিণ জেলার সাংসদ এবং আওয়ামী লীগ নেতাদের সাথে আলাপ করে যাচাই-বাছাই করবেন। ছাত্রত্ব আছে কিনা, নিয়মিত ছাত্র কিনা, অবিবাহিত নাকি বিবাহিত এসব বিষয় জানতেই মূলত জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হচ্ছে।  তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধই দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ এপ্রিল আব্দুল মালেক জনিকে আহবায়ক করে দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০১৩ সালের জানুয়ারিতে জনিকে কুপিয়ে হত্যা করা হয়।

এদিকে, এ উপলক্ষে গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের এক মতবিনিয় সভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. শিহাবউজ্জামান শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নাদিম, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. জোবায়ের। আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বকতিয়ার সাইদ ইরান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জায়েদ বিন কাশেম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচিসহ দক্ষিণ জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, উত্তর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, ছাত্রলীগ কর্মীদের আদর্শিক চেতনায় উদ্দীপ্ত হতে হবে। বর্তমান প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের ইতিহাস অনুশীলন করে তবে তারা যোগ্য নাগরিক হতে পারবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করা তখনই সম্ভব হবে। তাই সকল ছাত্রলীগ কর্মীদের ভাতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রতিহিংসা নয় সৃজনশীলতায় সাফল্য নিহিত। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সভাপতির বক্তব্যে বলেন, ছাত্রলীগের ইতিহাস গৌরবময় ইতিহাস এই ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নাগরিককে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা, মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতি বুকে লালন করতে হবে। যোগ্য এবং মেধাবী ছাত্ররাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের সঠিক কারিগর। তাই যারা এতদিন ত্যাগ, সংগ্রাম করে রাজনীতি করেছে এবং যাদের প্রকৃত ছাত্রৃত্ব আছে তারাই আগামীতে নেতৃত্ব আসবে। তাই সকল ভেদাভেদ ভুলে দক্ষিণ জেলা ছাত্রলীগ চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি মডেল সুশৃঙ্খল ছাত্রসংগঠন হিসেবে গড়ে উঠুক এ প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান বক্তা আসাদুজ্জামান নাদিম বলেন খুব শীঘ্রই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে একটি নতুন কমিটি উপহার দিবেন।

আরও পড়ুন

সর্বশেষ