রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআমরা যারা এখনো পঙ্গু হয়ে যাইনি তাদের দায়িত্ব দানবের হাত থেকে দেশ...

আমরা যারা এখনো পঙ্গু হয়ে যাইনি তাদের দায়িত্ব দানবের হাত থেকে দেশ রক্ষা করা

বর্তমান সরকারকে ‘দানব’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যারা এখনো পঙ্গু হয়ে যাইনি তাদের দায়িত্ব দানবের হাত থেকে দেশ রক্ষা করা। মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালন করা কঠিন। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। অতিদ্রুত সংঘবদ্ধ হয়ে এই দানবীয় শক্তিকে পরাজিত করতে হবে। ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান ও বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান যখন কোনো বক্তব্য দেন, ইতিহাস থেকে কথা বলেন, তখনই ক্ষমতাসীনদের গায়ে জ্বালা ধরে যায়।

তারেক দেশে ফিরে আসবেন। লাখো-কোটি জনতা তাকে বরণ করে নেবেন। তখন তরুণদের সমর্থনে বাংলাদেশের অবিসংবাদিত নেতায় পরিণত হবেন- বলেন ফখরুল। ফখরুল বলেন, তারেক রহমান দেশ-বিদেশে আলোচিত নাম। যারা মেধাবী নেতৃত্ব দেখতে চান না তারাই তাকে দেশ ফিরে আসতে দেন না। কারণ, তিনি দেশে ফিরলে তরুণদের সংগঠিত করে উন্নয়নে কাজ করবেন।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফেরানোর সিদ্ধান্তের সমালোচনা করে ফখরুল বলেন, অভিশংসন ক্ষমতা যে সংসদে নেওয়া হচ্ছে সে সংসদ ৫ ভাগের কম ভোটে গঠিত। যেখানে ১৫৪ জন বিনা ভোটে নিবার্চিত। বাংলাদেশ লুটপাটের রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ জন্যই তারেক রহমানকে দেশে আসতে দিতে চান না। এই জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে ট্রায়ালে নিতে চায়।

ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধ‍ুরী এ্যানী, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আজীজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।

আরও পড়ুন

সর্বশেষ