চট্টগ্রামের ফটিকছড়িতে নূর খালেক মাস্টার হত্যা মামলায় আশরাফ হোসেন নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মুমিন উল্লাহ এ রায় দেন। নিহত নূর খালেক মাস্টার শিক্ষক ছিলেন। অবসরের পর তিনি বিমা প্রতিষ্ঠান গোল্ডেন লাইফ ইনস্যুরেন্সের ফটিকছড়ি শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। দণ্ডপ্রাপ্ত আশরাফ হোসেন ওই প্রতিষ্ঠানেই চাকরি করতেন। তবে তাঁকে বরখাস্ত করা হয়েছিল। জামিন নিয়ে তিনি এক বছর ধরে পলাতক রয়েছেন।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম জানান, ২০০৪ সালের ২ এপ্রিল নুর খালেক মাস্টারকে ফটিকছড়ির কারবালা টিলা এলাকায় ছুরিকাঘাত করে খুন করেন আশরাফ হোসেন। দুর্নীতির দায়ে আশরাফকে চাকরি থেকে বাদ দেওয়ার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশের তদন্তে উঠে আসে। এ ঘটনায় নিহতের বাবা মো. দানেশ মিয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় গোলাম মোস্তফা নামের অপর এক আসামিকে বেকসুর খালাস দেন আদালত।




