রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নয়টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি

নয়টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি

কয়েকদিনের প্রবল বর্ষণ ও  উজান থেকে নেমে আসা ঢলে দেশের ৭টি নদীর পানি নয়টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীসহ ঢাকা সংলগ্ন নদ-নদীগুলোর পানি আগামী ৭২ ঘণ্টায় আরও বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সকাল ৬টার তথ্য অনুযায়ী, গাইবান্ধায় ঘাঘট নদীর পানি বেড়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্রহ্মপুত্র অববাহিকার প্রধান নদী যমুনা ও ব্রহ্মপুত্রের পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছিল।

চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র বইছিল বিপদ সীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে। আর যমুনা নদী বাহাদুরাবাদ ও সারিয়াকান্দি পয়েন্টে যথাক্রমে বিপদ সীমার ২৭ ও ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিরাজগঞ্জে যমুনা বইছে বিপদসীমার সমতলে। এ ছাড়া মঙ্গলবার সকালে এলাসিন ঘাট পয়েন্টে ধলেশ্বরী নদী বিপদ সীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।

গত কয়েক দিনে গঙ্গা অববাহিকার নদীগুলোর পানিও ধারাবাহিকভাবে বাড়ছে। বাঘাবাড়ি পয়েন্টে আত্রাই নদী প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে। ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মেঘনা অববাহিকার অধিকাংশ নদনদীর পানি বাড়ছে। সুরমা নদী কানাইঘাটে বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার ও সুনামগঞ্জে ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জারিয়া জাঞ্জাইলে কংশ নদী প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে।

এদিকে পানি বাড়ার ফলে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালী, কাজিপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে।

পানির প্রবল তোড়ে ও ঘূর্ণাবর্তের কারণে এনায়েতপুরে বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা যমুনায় বিলীন হয়ে গেছে। যমুনার পানির চাপে ভাঙন ধরেছে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পারেও।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার জানান, রোববার রাতে সারিয়াকান্দির কামালপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার এলাকা ধসে যায়। সোমবার সকালে নদীতে বিলিন হয়ে যায় ধুনটের শহরাবাড়ি এলাকায় ৭২৭ মিটার স্পারের এক দিকের ৫০ মিটার অংশ। যমুনার প্রবল স্রোতে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়ার তারতাপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানান, পানিবন্দি লোকজনের সহায়তায় সরকারিভাবে ১২ মেট্রিক টন চাল ও দুই লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ