মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক ও তাঁর ছেলে ওমর ফারুক ওরফে লিমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের আমলি আদালত-৬-এর হাকিম মো. হারুন অর রশিদ এ আদেশ দেন। আবু বকর সিদ্দিককে গত বুধবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ফারুককে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে র্যাব। তিনি ওই লঞ্চডুবির ঘটনায় করা মামলার ৩ নম্বর আসামি। পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল ইউনিয়ন বিএনপির নেতা। লঞ্চের ব্যবসা ছাড়াও তিনি ঢাকা-মাওয়া রুটে ইলিশ পরিবহনেরও একজন অন্যতম মালিক।
মাদারীপুরের কাওড়াকান্দি থেকে ৪ আগস্ট দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে পিনাক-৬ ডুবে যায়। এ পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬১ জন। লঞ্চটির অবস্থান শনাক্ত করা যায়নি। ১১ আগস্ট লঞ্চ উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। এই লঞ্চডুবির ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাক-৬-এর মালিক আবু বকর, তাঁর ছেলে ওমর ফারুকসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া মামলা করেন।




