রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আদালত অবমাননার অভিযোগে সাবেক সিইসি শামসুল হুদার বিরুদ্ধে রুল খারিজ

আদালত অবমাননার অভিযোগে সাবেক সিইসি শামসুল হুদার বিরুদ্ধে রুল খারিজ

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার প্রতি জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তিনি আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন। শামসুল হুদার দেওয়া এক বক্তব্য ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ প্রকাশিত হলে ১৮ মে আদালত তাঁর প্রতি রুল ও তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় ক্ষমা চাওয়া হয়েছে জানিয়ে ডেইলি স্টার-এর পক্ষ থেকে আজ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

এর পরিপ্রেক্ষিতে  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১৭ মে রাজধানীর ব্র্যাক সেন্টার-ইনে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন। ওই বক্তব্য ১৮ মে বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়।

ডেইলি স্টার-এ ‘নো রুল অব ল’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এতে শামসুল হুদাকে উদ্ধৃত করে বলা হয়, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, বিচার বিভাগসহ সব সাংবিধানিক সংস্থা রাজনীতীকরণ হয়ে গেছে। এসব জায়গায় অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই।

আদালতের নির্দেশ অনুসারে আজ ১১টা ১৮ মিনিটে আদালতে হাজির হন এ টি এম শামসুল হুদা। এর দুই মিনিট পরে তিনি এজলাস কক্ষে উপস্থিত হন। এ সময় আদালত বলেন, ‘উনাকে (শামসুল হুদা) বসতে দিন।’ আসন গ্রহণের পর তাঁর পক্ষে ড. কামাল হোসেন রুলের জবাব ও বক্তব্যের অনুলিপি আদালতে দাখিল করেন। এ সময় ডেইলি স্টার-এর পক্ষে আইনজীবী তানজীব উল আলম বলেন, যে প্রতিবেদনটি হয়েছে তা ভুলভাবে হয়েছে। এ জন্য পত্রিকার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। এটি ২৯ মে প্রকাশিতও হয়েছে।

আদালত বলেন, ‘এ বিষয়ে সাবধান থাকতে হবে। উনি (শামসুল হুদা) সম্মানিত লোক। এটা উনার জন্য এবং সবার জন্য ক্ষতিকর। উনি যখন সিইসি হিসেবে ক্ষমতায় ছিলেন তখন তো এমন কথা বলেননি।  এ ধরনের কথা বলার কারণে জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হতে পারে ধারণা তিনটি প্রতিষ্ঠানের।’ শুনানি শেষে আদালত রুল খারিজ করে আদেশ দেন। ১১টা ৪০ মিনিটে শামসুল হুদা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আরও পড়ুন

সর্বশেষ