বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বিনিয়োগ করার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবির। সোমবার সকালে টোকিওর আকাসাকা প্রাসাদে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা এসব কথা বলেন।
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) হার ৬ শতাংশ ছাড়িয়েছে। সরকারের লক্ষ্য হলো ২০১৫ সালের মধ্যে জিডিপির হার ৮ শতাংশে নিয়ে যাওয়া। ২০১৭ সালের মধ্যে জিডিপির হার ১০ শতাংশে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রতিনিধিদলের প্রধান তাকিয়ো কুয়োমুরা প্রধানমন্ত্রীকে বলেন, তাঁর সফরের পরে দুই দেশের মধ্যে আস্থা আরও বাড়বে। সম্পর্ক নতুন মাত্রা পাবে।
জাপানের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) সদস্য তাকিও কুয়ামুরা ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করতে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রেন্ডশিপ লিগের প্রতিনিধিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, গণতন্ত্রই একটি দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে। বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। জাপান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আজ দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে তাঁর প্রাসাদে দেখা করেন। বিকেলে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর দপ্তরে শীর্ষ বৈঠকে যোগ দেবেন। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।




