ঢাকার অদূরে কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর পারে র্যাব-১০-এর দপ্তর করার জন্য যে সাত একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দপ্তরের জন্য তাদের অন্য জায়গায় জমি বরাদ্দ দেওয়া হবে। আজ সোমবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, গতকাল পাঁচজন মন্ত্রী ওই এলাকা সরেজমিনে দেখেছেন। এরপর পর্যালোচনা করে মনে হয়েছে, এ জায়গাটি বরাদ্দ দেওয়া হলে বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারকাজ বাধাগ্রস্ত হবে। এ জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র্যাবকে অন্য কোনো জায়গা বরাদ্দ দেওয়া হবে।
মন্ত্রী জানান, এ ছাড়া যেসব জায়গা দখল করা হয়েছে, আদি চ্যানেল উদ্ধারের লক্ষ্যে সেগুলো উচ্ছেদে আজকের সভায় একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
নৌমন্ত্রী বলেন, এ কমিটি অবৈধ দখলদারদের উচ্ছেদের পরিকল্পনা করবে এবং তা বাস্তবায়নও করবে। আগামী জুন মাসের মধ্যে এ কাজ শেষ হবে। আজকের সভায় সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ সভায় নৌমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।




