নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, নূর হোসেন দেশে নেই। ভারতে পালিয়ে আছেন- এমন খবরের সত্যতা সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়ার পরেই ইন্টারপোলকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, দেশের বাইরে থেকে আসামি ধরতে হলে ইন্টারপোলের সাহায্য প্রয়োজন।
২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে বসবাস শুরু করেন নূর হোসেন। সেখানে বসেই তিনি সিদ্ধিরগঞ্জে তার অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন। ২০০৭ সালের ১২ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করে। তাদের নিজস্ব ওয়েব সাইটে নূর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, বিস্ফোরক ও প্রাণনাশের হুমকিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। ২০১১ সালের মার্চে ইন্টারপোল সে ওয়ারেন্ট প্রত্যাহার করে নেয়।




