শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপবন্দুকযুদ্ধে সুন্দরবনের দুলুবাহিনী প্রধানসহ নিহত ২

বন্দুকযুদ্ধে সুন্দরবনের দুলুবাহিনী প্রধানসহ নিহত ২

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা ফরেস্ট স্টেশন সংলগ্ন পশুর চ্যানেলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কুখ্যাত বনদস্যু দুলুবাহিনী প্রধান দুলু ও তার সেকেন্ড ইন কমান্ড বাচ্চু নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে র‌্যাব-৮ এর অপারেশন দল ওই বাহিনির ৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত অপারেশন অফিসার ক্যাপ্টেন শিশির মাহমুদ তালুকদার  বিষয়টি নিশ্চিত করেন।

ক্যাপ্টেন শিশির  জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে পূর্ব সুন্দরবনের ভদ্রা ফরেস্ট স্টেশনের মংলার পশুর চ্যানেল সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় বনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখেন তারা। এসময় তারা সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালালে বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি ছুড়তে শুরু করে। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে এই গুলি বিনিময় চলে বলে জানান তিনি। পরে বনের ওই এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব দুই বনদস্যুর লাশ, লুকিয়ে থাকা ৬ বনদস্যু ও ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। স্থানীয় জেলেদের বরাত দিয়ে নিহত দুই বনদস্যু ‘দুলু বাহিনী’র প্রধান দুলু ও তার সেকেন্ড ইন কমান্ড বাচ্চু বলে নিশ্চিত করেছেন র‌্যাবের ওই কর্মকর্তা। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও দস্যুদের বাগেরহাটের মংলা থানায় স্থানান্তর করা হবে বলে র‌্যাব-৮ জনিয়েছে।

এ ব্যাপারে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম  জানান, র‌্যাব-৮ মংলা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ