ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের বিপদে তাদের পাশে দাঁড়াতে এবং তাদের সুখ-দু:খে অংশীদার হওয়ারও আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
তিন সাংগঠনিক জেলা- পঞ্চগড়, সৈয়দপুর ও নীলফামারীর বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এ নির্দেশ দেন বলে জানিয়েছে দলীয় সূত্র। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। সভা শেষ হয় রাত সাড়ে ১০টার দিকে। মতবিনিময়ে খালেদা জিয়া নেতা-কর্মীদের বিভিন্ন সুখ-দুঃখের কথা শুনে আগামী দিনের আন্দোলন কর্মসূচিতে করণীয় বিষয়ে নির্দেশনা দেন। বৈঠকে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ; সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন; নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আনিসুল আরেফিন বাবু, সদস্য সচিব শামসুজ্জামানসহ প্রত্যেকটি জেলার ২১ জন নেতা ও জেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের দলীয় সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ।
বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।




