ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
৪৮৭ উপজেলার মধ্যে প্রথম ধাপে ৯৭ উপজেলায় ভোট পড়েছে ৬২.৪৪ শতাংশ। ইসির দেওয়া তথ্যে দেখা গেছে বিএনপি জামায়াত অধ্যুষিত এলাকায় বেশি ভোট পড়েছে এবং কম ভোট পড়েছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায়। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানায়।
ইসি তথ্যে দেখা যায়, প্রথম পর্বের ৯৭ উপজেলায় গড়ে ৬২.৪৪ শতাংশ ভোটার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়েছেন। তবে এই হার তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ে ৬ শতাংশ কম।
ভোটের হারে দেখা গেছে চেয়ারম্যান পদে ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৯৫১ ভোটের মধ্যে ভোট পড়েছে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৯৬৭টি ভোট। এর মধ্যে মোট বৈধ ভোট ৯৬ লাখ ৫২ হাজার ৫৮৪টি। এবং বাতিল ভোটের সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৩৮৩টি। ৮১ দশমিক ৬২ শতাংশ ভোট পড়েছে চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। এটিই সর্বোচ্চ ভোটের হার। চাঁপাইনবাবগঞ্জ বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা বলে পরিচিত।
অপর দিকে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা শরীয়তপুরের জাজিরা উপজেলা কম ভোট পড়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোবারক আলী ৩৭ দশমিক ২০ শতাংশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ চেয়ারম্যান ৯৭ উপজেলায় নির্বাচিতদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন।
৯৭ উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণে ব্যালট পেপার ছিনতাই, সিল মেরে ব্যালট পেপার ব্যালট বাক্সে ভরাসহ আগুন দিয়ে ব্যালট পেপার পুড়িয়ে ফেলার কারণে ৫টি জেলার ১০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। প্রথমধাপের মধ্যে একমাত্র সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে স্থগিত দুইটি কেন্দ্রে পুনভোট হবে।




