ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
এইচ অ্যান্ড এম, প্রাইমার্ক, ম্যাঙ্গো, অ্যাডিডাস ও বেনেটনের মতো বিভিন্ন পশ্চিমা রিটেইল প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক শিল্প কারাখানাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণে ব্যাপক আকারে পরিদর্শনের কাজ শুরু করবে। বুধবার থেকে এ প্রক্রিয়া শুরু হবে। সাভারে রানা প্লাজা ধসে প্রায় ১ হাজার ১৩৫ জন পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রায় ১ বছর পর পরিদর্শনে নামছে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। দেড় হাজারেরও বেশি পোশাক কারখানায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত বহু অগ্নিনির্বাপন কর্মকর্তা ও ভবন প্রকৌশলী পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবেন এবং কারখানার নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারী দেশ হলেও, দুর্ঘটনা মোকাবিলায় এখানকার কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। ২০১২ সালে তাজরিন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। তার মাত্র ৬ মাসেরও কম সময়ের মধ্যে সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। স্পেনের ফ্যাশন চেইন ম্যাঙ্গো, বৃটেনের প্রাইমার্ক, ইতালির বেনেটন, সুইডেনের এইচ অ্যান্ড এম ও স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের মতো নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে আরও বেশ কয়েকটি পশ্চিমা রিটেইল প্রতিষ্ঠান রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিতে পরিদর্শন, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও ঋণ দেয়ার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছিল। অনুসন্ধান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যবস্থাপকদের একজন রব ওয়াইস বলেছেন, প্রকৌশলীদের ৪টি দলই এখন বাংলাদেশে। তিনি জানান, বুধবার থেকে তারা পোশাক কারখানাগুলোয় অনুসন্ধান শুরু করবেন এবং এ বছরের সেপ্টেম্বরের মধ্যে তাদের কাজ শেষ করবেন।




