শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়বাপ্পারাজের ছবিতে মমতাজ

বাপ্পারাজের ছবিতে মমতাজ

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

চিত্রনায়ক বাপ্পারাজ ‘কার্তুজ’ শিরোনামের ছবির মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখালেন। এ ছবির আইটেম গানে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। গত রোববার রাজধানীর মগবাজারের শ্রুতি স্টুডিওতে এ গানের রেকর্ডিং হয়। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুল। এর কথা হচ্ছে_ ‘পিচকারি পিচকারি মনটা পিচকারি’। সুর-সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এ ছবির আইটেম গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে মমতাজ বলেন, ‘গানের কথা আমার বেশ ভালো লেগেছে। অনেকদিন পর ভিন্নধারার একটি গানে কণ্ঠ দিলাম। গানটি যথাযথভাবে চিত্রায়ন করলে দর্শকের কাছে উপভোগ্য হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ নায়করাজ তনয় বাপ্পারাজ বলেন, ‘পরিচালনা খুবই কঠিন কাজ। তারপরও বাবার পরামর্শ ও অনুপ্রেরণায় এ ছবির কাজ কাঁধে তুলে নিয়েছি। আশা করি, যথাযথভাবে ছবির শুটিং সম্পন্ন করতে পারব।’ ‘কার্তুজ’ ছবিতে অভিনয় করবেন নায়করাজ রাজ্জাক, সিরাজ হায়দার, শিরীন আলম, সম্রাট, ফারজানা রিক্তা, সোহান খান, নিপুণ ও শিমুল খান। ছবির গল্পের মূল ভাবনা বাপ্পারাজের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। ছবিটি প্রযোজনা করছে রাজলক্ষ্মী টেলিফিল্মস। এর আগে বাপ্পারাজের ‘বেঈমান’ ছবিটি পরিচালনার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে এর শুটিং কিছুদিনের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। রাজ্জাকের পরিচালনায় ‘চাপাডাঙ্গার বউ’র মাধ্যমেই রুপালি পর্দায় চিত্রনায়ক হিসেবে বাপ্পারাজের যাত্রা শুরু হয়েছিল। এরপর বেশকিছু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ