বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একেএম আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধান মালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে একেএম আরিফ উদ্দিন বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদানসাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
এদিকে বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন) পদের দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।




