ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনী ট্রেন মিস করে উপজেলা নির্বাচনী ট্রেনে উঠে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি এখন চুপ করে বসে আছে। কিন্তু মনে করবেন না এটাই ওদের আসল পথ। কারণ ওদের মূল পথ সন্ত্রাসের পথ, সংঘাতের পথ।
নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকেই মনে করেছিলেন এই সরকার বেশি দিন ঠিকবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে না। কিন্তু দেখছেন নির্বাচনে পর আর্ন্তজাতিক সম্প্রদায় কিভাবে সরকারকে সমর্থন দিচ্ছে?
ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পদক হাজি মো. সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।




