শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শেরপুর-৩ আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। অন্যদিকে, ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।

শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এ ছাড়া বাসদের (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ছাড়া)। প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩২৬।

আরও পড়ুন

সর্বশেষ