ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। ওই আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের জয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আবেদন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে দেশের বিভিন্ন আসনের আরও ২৫ প্রার্থী নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, “২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।”




