সঠিক ঠিকানার অভাবে মালয়েশিয়া ও ইতালি থেকে পাঠানো ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল ফজল সানাউল্লাহ বলেন, ‘ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। একই কারণে ইতালি থেকে ফেরত এসেছে ১৬০০ পোস্টাল ব্যালট।
তিনি বলেন, ‘ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’ তিনি আরও বলেন, ‘পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা যা ভাঁজের মধ্যে পড়েছে। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছ রাখতে প্রিজাইডিং অফিসারদের এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।




