ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক ইনকিলাব পত্রিকার ছাপাখানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পত্রিকাটি যে সংবাদ প্রচার করেছে তা গুজব ও মিথ্যাচার। তথ্য-প্রযুক্তি আইনে যা মহাঅপরাধ। এ জন্য স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে প্রকাশনা বন্ধ করা হয়েছে। প্রচারিত সংবাদের সত্যতা আছে বলে অনেকে দাবি করেছেন- সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা মিথ্যা কথা। আদালতে প্রমাণ পাবেন।
ইনু বলেন, ‘নির্বাচন ও বিজয় হলেও বিপদ কাটেনি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমাদের গুরুত্বপূর্ণ নেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী জড়িত আছেন। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের মূলোৎপাটন করেই আমাদের যাত্রা সফল হবে।’
তিনি বলেন, ‘নাশকতার অন্তর্ঘাত আড়াল করার চেষ্টা করে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন বিএনপি নেত্রী। তার শান্তিপূর্ণ কর্মসূচি ধোঁয়াশা ও ধুম্রজাল মাত্র। তিনি বৈধ সরকারকে অবৈধ বলেছেন। গণতন্ত্রের ক্লাবের বাইরে চলে গেছেন।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, নাজমুল হক প্রধান, শিরিন আখতার প্রমুখ।




