মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পাশাপাশি বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




