জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের’ অনুমোদন দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদের কপি পাঠানোর আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রেরণের পূর্বে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।
গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল সই করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেন।




