শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিত্যনতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

নিত্যনতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্যনতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্যনতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই।

এজন্য জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদও দিয়েছেন বিএনপি মহাসচিব। প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হলে এই সংকট তৈরি হতো না, কারণ সুযোগ পেলেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা নিয়ে নেয়।

আলোচনার শুরুতে মির্জা ফখরুল কাজী জাফর আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ষাট ও সত্তরের দশকে তিনি ছিলেন কিংবদন্তিতুল্য ছাত্রনেতা। তার বক্তৃতা শুনে মানুষ বিমোহিত হতো।

কাজী জাফরের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তিনি যখন স্বৈরাচারী সরকারের সঙ্গে যোগ দিয়েছিলেন, আমরা কষ্ট পেয়েছিলাম। কিন্তু অন্তরের অন্তরে তিনি ছিলেন একজন আপাদমস্তক বিপ্লবী, দেশপ্রেমিক এবং গণতন্ত্রপ্রিয় মানুষ।

মির্জা ফখরুল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা একটি ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে উত্তরণের চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে নিত্যনতুন দাবি তুলছে।

আরও পড়ুন

সর্বশেষ