রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিয়োগকর্তা চাইলে চলে যাবো : শিক্ষা উপদেষ্টা

নিয়োগকর্তা চাইলে চলে যাবো : শিক্ষা উপদেষ্টা

সরকার যেতে বললে চলে যাব- এমনটি বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিল। পরে শিক্ষা সচিবকে সরিয়ে দেয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি।

তিনি বলেন, ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা…। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সেটার উত্তর আমি দিতে পারব না।

শিক্ষা উপদেষ্টা বলেন, রাত দশটা পর্যন্ত বার্ন ইউনিটে ছিলাম। যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টি সামনে আসলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক, আবার কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা পেছানো হোক। সেই প্রক্রিয়ায় প্রসেসের মাধ্যমে আমাদের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও কথা হয়। এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না। হুট করে নেওয়ার এখতিয়ারও কারও নেই এককভাবে।

তিনি আরও বলেন, অনেকের মধ্যেই হয়তো একটা ধারণা হয়েছে, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারতো। এই ধারণাটা একেবারেই সঠিক না। প্রসেস ফলো করেই পরীক্ষা পেছানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, তার পদত্যাগের কোনো ইচ্ছে নেই। তবে নিয়োগকর্তা চাইলে চলে যাবো।

পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরায় আমি আপনাদেরকে জানালাম। আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। আমারতো নিয়োগপত্রও রয়েছে।

তিনি বলেন, তারা (সরকার) যদি মনে করে, আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি ঘিরে সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এতে উভয়পক্ষের ৫০ জনেরও বেশি মানুষ আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে ঢাকার সচিবালয় এলাকায় সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুরুতে ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেও একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। এসময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ