বেসরকারি খাতের আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীকে এবার তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয়েছে।
আজ রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ৭ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের অনিয়ম ও জালিয়াতি তদন্তে বিশেষ অডিট হচ্ছে। অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশ ছেড়েছেন। সর্বশেষ গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক। আর গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
গত ৩ সেপ্টেম্বর ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করেন বাংলাদেশ ব্যাংক।




