বাজারে নিত্যপণ্যের মূল্য প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, জিনিসপত্রের দাম অবশ্যই কমবে, তবে চট করেই হবেনা। ৫ থেকে ৬ মাসের মধ্যে একটা ফল দেখা যাবে।
বুধবার ১৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সাথে এক বৈঠক শেষে এই কথা জানান তিনি।
তিনি বলেন, সংকীর্ন পথ, সাবধানে পথ চলবে সরকার। এসময় গভর্নর বলেন, উৎপাদন, চাঁদাবাজি এবং সরবরাহ এই তিনটিকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো, এগুলো করতে পারলে আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমবে।
আহসান এইচ মনসুর বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে কাজ করবো। রাতারাতি সম্ভব নয়, তবে চেষ্টা করলে কয়েক মাসের মধ্যেই রিজার্ভ বাড়ানো যাবে।
এর আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ১৩ তম গভর্নরের দায়িত্ব পান বিশিষ্ট গবেষক আহসান এইচ মনসুর। তিনি সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন।




