ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না। যথাসময়ে নির্বাচন হবে। যে সিদ্ধান্ত নিয়েছি তা বাস্তবায়ন হবে। সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিরোধী দল বিএনপিকে নির্বাচনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষ হত্যা বন্ধ করে নির্বাচনে যোগদিন।
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আন্দোলন করতে হলে মাঠে নামেন। এভাবে শিশু ও মহিলাসহ সাধারণ মানুষকে বোমা মেরে হত্যা করবেন না। আপনার না কি হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী—তারা কই? শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না। জামায়াত এদের সন্ত্রাসী বানাবে—এটা মনে রাখবেন। তিনি বলেন, মানুষ হত্যা বন্ধ করে নির্বাচন ও গণতন্ত্রের পথে আসুন।




