বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
সংসদ সদস্যরা চাইলে হরতাল নিষিদ্ধে আইন করাও সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।স্পিকার বলেন, গত নির্বাচনে মহাজোটের অঙ্গীকার অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে এবং তা আইন অনুযায়ী হচ্ছে।এতে আইনের কোন লঙ্ঘন হচ্ছে না। বৃহস্পতিবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউউয়র্কে প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সংসদের চলতি অধিবেশনেই বিধি অনুযায়ী সরকার ও বিরোধী দলের কাছ থেকে আলোচনার প্রস্তাব চেয়ে স্পিকার বলেন, ‘সংকটের অবসানে চলতি জাতীয় সংসদ অধিবেশনেই সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী আলোচনা করতে চাই। তবে সরকারি দল ও বিরোধী দলের সকলে সংসদ অধিবেশনে উপস্থিত হয়ে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করলেই কেবল তা সম্ভব হবে।’
শিরিন শারমিন বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ব্যাহত না হয় আপামর জনসাধারণ তাই প্রত্যাশা করেন।সে কারণে সকল দলকেই গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সতর্ক থাকতে হবে। এসময় বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন-অগ্রগতির চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে আরো ভাল করে তুলে ধরতে উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। জাতিসংঘের বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় স্পিকারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
এসময় সাবের চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা সম্ভব হলে বাংলাদেশ আরো এগুতে পারবে। বাংলাদেশে অনেক ভালো ভালো আইন রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সে আইনের প্রয়োগ ঘটছে না বলে সামাজিক অস্থিরতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে অনেক কিছুর মধ্যেও বাংলাদেশের অনেক ইতিবাচক সংবাদও রয়েছে।
সংসদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর এটাই প্রথম নিউইয়র্ক সফর। প্রথম নারী স্পিকার হিসেবে বিচক্ষণ নেতৃত্ব দেয়ার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দিয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব উইম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলারা খান।
জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্যে ১৫ সদস্যের বৃটিশ বাংলাদেশি চেম্বারের একটি প্রতিনিধি দল বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। আন্তঃসংসদীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১২ নভেম্বর নিউইয়র্কে পৌঁছেন স্পিকার। বিভিন্ন দেশের নারী স্পিকারদের একটি সম্মেলনেও অংশ নেন তিনি।




