বিএনপি নিজেদের ‘গুগলি বলে’ নিজেরাই বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কানাডার আদালতের রায়ে বিএনপি পঞ্চমবারের মতো সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মী পালিয়ে গেছে। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। যার কারণে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন করা হয়, ডিভিশন দেয়া হয়।
তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কয়েকদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে। রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়টি সরেজমিনে দেখার জন্য এসেছি।
পরিদর্শনকালে রংপুর উপকেন্দ্রে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় তার সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



