সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সিঙ্গাপুরে এরশাদ-মঞ্জু বৈঠক

সিঙ্গাপুরে এরশাদ-মঞ্জু বৈঠক

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধী দলের আন্দোলনের ওপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএনপি ছাড়াই নির্বাচনের প্রস্তুুতি নিচ্ছে জাতীয় পার্টি। সমমনা দলগুলোর সঙ্গে পৃথক জোট করে কিংবা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দিতা করবে দলটি। এজন্য গোপনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জীবনের শেষ প্রান্তে এসে যে কোনো মূল্যে তিনি আগামী সরকারে থাকতে চান, এমন তথ্যই জানিয়েছেন দলটির ঘনিষ্ঠ সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক জ্যেষ্ঠ নেতা বর্তমানকে বলেন, দুই দফা টানা হরতাল কর্মসূচি দিয়েও বিরোধী দল আন্দোলন জমাতে পারেনি। তাদের আন্দোলন সফল হয় কি না তারও নিশ্চয়তা নেই। সামনে নির্বাচন। এ অবস্থায় রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি ছাড়া বিকল্প পথ নেই। তিন আসনে একক প্রার্থী কিংবা সমমনা দলগুলোর সঙ্গে জোটগতভাবে নির্বাচনের প্রক্রিয়া চলছে বলেও স্বীকার করেন তিনি। দলটির ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছোটভাই জিএম কাদের ও একান্ত সচিব মেজর অব. খালেদ আখতারকে সঙ্গে নিয়ে পাঁচ দিনের সফরে সিঙ্গাপুরে যান।

গতকাল মঙ্গলবার রাতে তিনি দেশে ফিরেন। চিকিৎসার উদ্দেশে তার এ সফরসূচির কথা বলা হলেও মূলত রাজনৈতিক উদ্দেশ্যে তিনি সেখানে গেছেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, ৫ দিনের সিঙ্গাপুর সফরে এরশাদ আগামী নির্বাচনের নানা কৌশল নিয়ে সমমনা দলের শীর্ষপর্যায়ের নেতা ও বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। গত সোমবার সেখানে জাতীয় পার্টি (জেপি) সঙ্গে চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে এরশাদের বৈঠক হয়। এতে উভয় নেতা বিএনপি ছাড়াই আগামী নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে একান্তে— কথা বলেন। এ সময় এরশাদের ছোটভাই জিএম কাদেরও উপস্থিত ছিলেন। বিএনপি ছাড়াই উভয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় অন্তর্বরতী সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। জোটগত হোক কিংবা পৃথকভাবে হোক নির্বাচনী তফসিল ঘোষণার পর সবকিছুই ঠিকঠাক করবেন দুই নেতা। এরশাদ-মঞ্জু ছাড়াও বেশ কয়েকটি সমমনা দলের শীর্ষপর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করেন।
এ ব্যাপারে আনোয়ার হোসেন মঞ্জুর জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী বর্তমানকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জেপির বৈঠকে সিদ্ধান্ত বিএনপি না এলেও আমরা নির্বাচনে অংশ নেব। নির্বাচনী প্রক্রয়ার অংশ হিসেবে কৌশলগত কারণে যে কোনো সময় দুই জাতীয় পার্টির মধ্যে ঐক্য হতে পারে। আনোয়ার হোসেন মঞ্জু বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনী কৌশল নিয়ে দুই নেতার মধ্যে বৈঠক হতেও পারে।
এরশাদের এবারের সিঙ্গাপুর সফর নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা সৃষ্টি হয়। সিঙ্গাপুর থেকে তার দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক মহলের দৃষ্টি এড়াতে শেষ পর্যন্ত তিনি দিল্লি সফরে যাননি। তবে দিল্লির বিষয়বস্তু নিয়ে সেদেশের প্রতিনিধিদের সঙ্গে সিঙ্গাপুরে এরশাদের গোপন বৈঠকের কথা শোনা যাচ্ছে। এ মাসের শেষ দিকে এরশাদ তার পৈত্রিক জন্মস্থান ভারতের কুচবিহারে যাওয়ার কথা বলে ভারত সফর করতে পারেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ