ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার রামপুরার বাসায় ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে সানাউল্লাহ মিয়ার বাসা লক্ষ্য করে কয়েকজন ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, এ বিষয়ে এখনো আমরা কিছু জানিনা।
সানাউল্লাহ মিয়া নিম্ন আদালতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নেতাদের মামলার আইনজীবী হিসেবে কাজ করছেন।




