সীমিতদায় ব্যাংক ও কোম্পানিগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা পিএলসি যুক্ত করতে হবে। তবে কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আলাদাভাবে আবেদন দাখিল করতে হবে না। বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ব্যাংক-কোম্পানিগুলোর নামের শেষে “পাবলিক সীমিতদায় কোম্পানি” বা “পিএলসি” অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিকতা সম্পাদনের ক্ষেত্রে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর যথাক্রমে ১১৬ ও ১১৭ ধারার আওতায় ব্যাংক-কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে আলাদাভাবে আবেদন দাখিলের প্রয়োজন হবে না। তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিষয়টি অবগতিসহ পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংক-কোম্পানিগুলোকে এ বিভাগে আবেদন দাখিল করতে হবে।




