ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সরকার পুলিশ ও নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা বিরোধীদলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।হত্যা, হামলা, মামলা ও গ্রেপ্তাতার করে মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, আজ হরতালের তৃতীয় দিন টেকনাফে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী ১৮ দলের নেতাকর্মীদের উপর নিষ্ঠুর নির্যাতন চালায়। এ হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি করেন তিনি। সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে দাবি করে তিনি বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে। রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেন, যে সমস্যা আপনারা সৃষ্টি করেছেন সেটা আপনাদেরই সমাধান করতে হবে।




