ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের নির্ধারিত সর্বনিম্ন বেতন ৫,৩০০ টাকাকে অগ্রহণযোগ্য হিসাবে বর্ণনা করেছে শ্রমিক সংগঠন। সরকার নির্ধারিত মজুরি বোর্ডের প্রস্তাবিত বেতনকে অগ্রহণযোগ্য হিসাবে অবহিত করে তারা সাফ জানিয়ে দিয়েছে, এ মজুরি শ্রমিকরা মেনে নেবে না।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতারা হাতিরপুলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মজুরি বোর্ডের নবম সভার মজুরি চূড়ান্ত করার পর এক জরুরি সভায় এ অভিমত ব্যক্ত করেছেন।
সভায় শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের মজুরি ৮ হাজার টাকা করার দাবি করে আসছিল, কিন্তু মজুরি বোর্ড আজকে এই ঘোষণার মধ্য দিয়ে গার্মেন্টস শিল্প শ্রমিকদের সেই যৌক্তিক দাবিকে উপেক্ষা করেছে। ফলে মজুরি বোর্ড আজকে যে মজুরি ঘোষণা দিয়েছে তা অযৌক্তিক এবং অপ্রত্যাশিত।
বক্তারা বলেন, এ মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়নের বেশিরভাগ মানদন্ড বিবেচিত হয়নি এবং এ শিল্প আন্তর্জাতিক শিল্প হওয়ার পরেও অন্য দেশের সাথে যেহার তুলনীয় হওয়ার কথা কিন্তু তা বিবেচনা করা হয়নি, ফলে এ ঘোষণা একেবারেই অগ্রহণযোগ্য।
শ্রমিক নেতারা বলেন, সরকার যেখানে এ শিল্পের মজুরি বাড়ানোর মধ্য দিয়েই এ শিল্পের বিকাশে শ্রমিকদের ভূমিকাকে বিবেচনায় নেয়ার কথা এবং সে লক্ষে একটি যৌক্তিক মজুরি ঘোষণা করবে অথচ তা না করে ৫,৩০০ টাকা ঘোষণা করেছে, কাজেই শীর্ষ রফতানি আয় অর্জনকারী এ খাতের শ্রমিকদের সাথে প্রতারণা করা হয়েছে।




