ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
১৮ দলীয় জোটের দ্বিতীয় দফা টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথমদিন সোমবার বিচ্ছিন্নঘটনার মধ্যদিয়ে পালিত হচ্ছে। রাজধানীতে নিরুত্তাপ হরতাল পালিত হলেও ঢাকার বাইরে কোথাও কোথাও ব্যাপক সহিংস ঘটনা ঘটেছে। হরতালে রাজধানীর বাইরে অন্তত ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রামে একজন, নেত্রকোনা জেলার কেন্দুয়াতে একজন, চট্টগ্রাম শহরে একজন ও নাটোরের গুরুদাসপুরে একজন নিহত হয়েছেন। এদিকে সাভারের নবীনগরে আগের দিন দুবর্ৃৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা গেছে বিশ্বাস গ্রুপের ক্রয় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুকুল (৩৮)। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর আমাদের আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের।
ঢাকা : সাভারে আগুনে নিহত মোস্তাফিজুর রহমান মুকুলের স্ত্রী বীনা সুলতানা জানান, রবিবার সকাল ১০ টার দিকে নিহত মুকুল, বিশ্বাস গ্রুপের ম্যাকানিক হাসুকে নিয়ে ঢাকার নবাবপুর যায় গার্মেন্টের মালামাল কিনতে। সেখান থেকে একটি সিএনজিযোগে ফেরার পথে রাত পৌনে ১১ টায় ক্যান্টনমেন্টের আব্দুর রউফ গেটে পৌছামাত্র ৭/৮ জন দুর্বৃত্ত তাদের টার্গেট করে ককটেল নিক্ষেপ করে।
এতে সিএনজি চালক আসাদুল গাজীসহ তারা ৩ জন দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মুকুলের মৃত্যু হয়। তার পিতার নাম হাফিজ উদ্দিন। গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফারাগপুর গ্রামে। এ ঘটনায় আহত হাসু মিয়া ও সিএনজি চালক আসাদুল গাজী চিকিৎসাধীন রয়েছে।
লালমনিরহাট : জেলার পাটগ্রম উপজেলার ধরলা সেতু এলাকায় সোমবার সকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে নাসির হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। বিএনপির দাবি, নিহত নাসির ছাত্রদলের একজন কর্মী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রণব কুমার দাস নাসিরের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম : চলাকালে সকালে পিকেটারদের ধাওয়ায় যাত্রীবাহী একটি টেম্পু উল্টে গেলে মো. জাকির (৩০) নামে তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে অফিসে যাওয়ার সময় চান্দগাঁও থানার বহদ্দার হাট-কালুরঘাট সড়কের শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে টেম্পুটি উল্টে যায়। নিহত জাকির খুলশী থানার দামপাড়া ১ নম্বর গলির বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি কালুরঘাট সিঅ্যান্ডএ গ্রুপের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক সদস্য জানান, কালুরঘাট কর্মস্থলে যাওয়ার সময় চলন্ত টেম্পুটিকে পিকেটাররা ধাওয়া দিলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে টেম্পোযাত্রী মো. জাকির গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান।
নেত্রকোনা : কেন্দুয়া উপজেলায় অবরোধকারীদের কাটা গাছের চাপায় আব্দুস সালাম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছে। আহত শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ছয়টার দিকে রামপুর-বেখৈরহাটী সড়কের রামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সালামের বাড়ি উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামে। সকালে রামপুর-বেখৈরহাটী সড়কে হরতালকারীরা রাস্তা অবরোধের জন্য গাছ কাটছিলেন। এ সময় পথচারী সালাম তার ছেলেকে নিয়ে গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ গাছের একটি ডাল তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।
নাটোর : নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় সকাল ছয়টার দিকে পিকেটারদের ধাওয়ায় ইসাহাক মোল্লা (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় নাটোর জেলা জাসদের যুগ্ম সম্পাদক ডিএম আলমগীরও আহত হয়েছেন। তবে পুলিশ এ ঘটনাকে অস্বীকার করে বলেছে, ধাওয়ায় নয়, দুর্ঘটনায় ইসাহাক মোল্লার মৃত্যু হয়েছে।




