স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
আধুনিক ক্রিকেটের ব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার কথা বললে অনেকেই হয়তো হাসবে। বলবে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। অনেকে বাঁকা বাঁকা মন্তব্য করতেও পিছপা হবে না। রেকর্ডের দিক দিয়ে শচীন নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে, কেউ তার কোনো একটি রেকর্ডে ভাগ বসাবে এ কথা কেউ বিশ্বাস করতে চায় না।
তবে বিশ্বাস না হলেও ক্রিকেট ভক্তদের এমন কথাই শুনিয়েছেন ভারতের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাস্কার। টেস্টে গাভাস্কারের ৩৪ সেঞ্চুরির রেকর্ড শচীন টেন্ডুলকার ভাঙতে পারবেন কি না এক সময় ক্রিকেট বিশ্বে চায়ের কাপের খোরাক ছিল এ আলোচনা। সেই গাভাস্কার এখন আলোচনা জমিয়ে দিলেন।
গাভাস্কার বলেছেন, ‘একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের গড়া ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি। রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। আমরা জানি টেন্ডুলকারের কিছু রেকর্ড ধরাছোঁয়ার বাইরে। যেমন ২০০ টেস্ট ম্যাচ কিংবা ৫১টি টেস্ট সেঞ্চুরি। তবে বিরাট যেভাবে ব্যাট করছেন তাতে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেয়া সম্ভব বলেই মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘বিরাটের আরো ৩২টি সেঞ্চুরি দরকার টেন্ডুলকারকে ধরে ফেলতে। ভারত এখন যে পরিমাণ ওয়ানডে খেলে, তাতে ওর পক্ষে এটা করাই সম্ভব। এই ক্রিকেট মৌসুমেই বিরাটের পক্ষে ২০-২২ সেঞ্চুরিতে চলে যাওয়া সম্ভব বলে মনে হচ্ছে। ওয়ানডের নিয়ম পরিবর্তন করে খেলাটিকে পুরোপুরি ব্যাটসম্যান-বান্ধব করে ফেলাটা কোহলির পক্ষে গেছে।’ গাভাস্কার বলেন, ‘কোহলি দ্রুত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। প্রতিপক্ষ সম্পর্কেও স্পষ্ট ধারণা রাখেন তিনি। এ কারণে তিনি ধারাবাহিকভাবে এতো রান করছেন।’
এখন দেখা যাক পরিসংখ্যান গাভাস্কারের মন্তব্যকে কতোটুকু সহায়তা করে। ভারতের হয়ে ১১২ ওয়ানডে ইনিংসে কোহলি রান করেছেন ৪৯১৯। সেঞ্চুরি ১৭টি! ১১২ ওয়ানডে ইনিংস খেলার পর টেন্ডুলকারের নামের পাশে ছিল ৪০০১ রান। সেঞ্চুরি ছিল আটটি!
১৭ সেঞ্চুরিতে পৌঁছাতে সবচেয়ে কম সময় লেগেছে কোহলিরই। তার পরে আছেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু সৌরভের ১৭ সেঞ্চুরি এসেছিল ১৭০ ওয়ানডে ইনিংসে। সাঈদ আনোয়ার ১৭ সেঞ্চুরি করেছিলেন ১৭৭ ওয়ানডে ইনিংসে। ক্রিস গেইলের লেগেছে ১৮২টি ওয়ানডে ইনিংস। আর যার সঙ্গে তুলনা হচ্ছে, সেই টেন্ডুলকারের ১৭টি সেঞ্চুরি করতে লেগেছিল ১৮৯টি ওয়ানডে ইনিংস।
গাভাস্কার বলেন, ‘টেন্ডুলকারের বিদায়ের পর ভারতীয় ক্রিকেটে যে শূন্যতা সৃষ্টির আশঙ্কা করা হয়েছিল কোহলির ব্যাটেই তা পূর্ণ হবে। বিরাট সত্যিই অসাধারণ।’ তিনি বলেন, ‘ভারতের সৌভাগ্য বিরাটের মতো প্রতিভা উঠে এসেছে। বাস্তবতা হলো, ও নিজের উঠতি বয়সটায় শচীন, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের মতো ব্যাটসম্যানের সঙ্গে সময় কাটাতে পেরেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চলমান ওয়ানডে সিরিজে গত ১৫ দিনেই কোহলি ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে তিনটি দ্রুততম সেঞ্চুরির দুটো করে ফেলেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন, যেটি ভারতীয়দের মধ্যে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। সর্বশেষ ষষ্ঠ ওয়ানডেতে কোহলি সেঞ্চুরি করেছেন ৬১ বলে।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত চার হাজার রানের মাইলফলক স্পর্শ করা কোহলি পরের ম্যাচে ৮১ রান করতে পারলে ভেঙে দেবেন ভিভ রিচার্ডসের গড়া দ্রুততম সময়ে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করার রেকর্ড। তবে কী টি-টোয়েন্টির এ যুগে কোহলির রকেট-গতিতে ছোটা টেন্ডুলকারের রেকর্ড সত্যিই চ্যালেঞ্জের মুখে? সেজন্য আমাদের হয়তো আরো কিছু বছর অপেক্ষা করতে হবে।




