সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মানবতাবিরোধী অপরাধ : মঈন-আশরাফের মামলার রায় রবিবার

মানবতাবিরোধী অপরাধ : মঈন-আশরাফের মামলার রায় রবিবার

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৩ নভেম্বর রবিবার দেয়া হবে। বৃহস্পতিবার বিচারপতি ওয়াবদুল হাসানের নেতৃত্বের তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণার এ দিন ঠিক করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশার অংশ হিসেবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চৌধুরী মইনুদ্দীন ও আশরাফুজ্জামানের অনুপস্থিতিতেই গত ২৪ জুন মানবতাবিরোধী অপরাধের ১১টি ঘটনায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে গত ২৮ এপ্রিল আশরাফুজ্জামান খান ও চৌধুরী মইনুদ্দীনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।

অভিযোগে বলা হয়, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত আলবদর বাহিনীর ‘চিফ এক্সিকিউটর’ ছিলেন আশরাফুজ্জামান খান। পরিকল্পনার ‘অপারেশন ইনচার্জ’ হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরী মইনুদ্দিন। সে সময় তারা দুজনই তখনকার জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বর্তমানে আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে ও চৌধুরী মইনুদ্দিন যুক্তরাজ্যে অবস্থান করছেন।

আরও পড়ুন

সর্বশেষ