সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিরোধীজোটের উপর সজাগ দৃষ্টি রাখছেন আওয়ামী লীগ নেতারা

বিরোধীজোটের উপর সজাগ দৃষ্টি রাখছেন আওয়ামী লীগ নেতারা

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির আজকের সমাবেশ নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করা হলে আইন প্রয়োগকারী বাহিনী কঠোর উপায়ে তা দমন করবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিনেতৃত্বাধীন বিরোধীজোটের উপর সজাগ দৃষ্টি রাখছেন আওয়ামী লীগ নেতারা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২৫ অক্টোবর দেশে যে কোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড ঠেকাতে আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত আছি। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই সবার এলাকায় সতর্ক দৃষ্টি রাখুন। কোনো অপরিচিত লোক দেখলেই তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।

মায়া আরো বলেন, আমরা ৭১ এ যেমন দেশকে স্বাধীন করেছি, ঠিক তেমনিভাবে এবারও প্রতিটি পাড়া-মহল্লায় জনগণকে সঙ্গে নিয়ে শত্রুর (বিএনপি-জামায়াত) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রাজপথেই মোকাবেলা করবো।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ২৫ অক্টোবর দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা ঢাকা ও তার আশপাশের মসজিদগুলোতে অবস্থান নিচ্ছে। কিন্তু তাদের সে সুযোগ দেওয়া যাবে না।

তিনি বলেন, মসজিদকে কেউ যেন অপবিত্র করতে না পারে সেজন্য আপনারা (আওয়ামী লীগের কর্মীরা) অন্যান্য দিনের মতো আগামী দিনও জুমার নামাজ পড়তে যাবেন এবং অতন্দ্র প্রহরীর মতো সজাগ দৃষ্টি রাখবেন।

ছাত্রলীগের অতীতের ন্যায় এবারও ছাত্রলীগ জনগণের সঙ্গে থাকবে, পাশে থাকবে। সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে জামায়াত-শিবিরের প্রত্যক্ষ মদদে প্রতিটি ক্যাম্পাসে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অশুভ পাঁয়তারা চালাচ্ছে ছাত্রদল।

কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ ঘরে বসে থাকবে না। তার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ নেতাকর্মীরা। ওরা একটা মারলে আমরা ১০টা মারব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগও মাঠে থাকবে বলে জানান তিনি।

এছাড়া গতরাতে গণভবনে উপস্থিত আওয়ামী লীগ এবং ১৪ দলের কয়েকজন নেতা জানায়, সংবিধান মোতাবেক প্রধনমন্ত্রীর অধীনেই নির্বাচনকালীন সরকার গঠনে দৃঢ় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার ইচ্ছা এখনো নেই সরকারি দলের। এমনকি বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ