রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিতে পারে ১৮ দল

সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিতে পারে ১৮ দল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নির্বাচনকালীন সরকারের প্রধান ব্যক্তিকে নির্দলীয় ও নিরপেক্ষ হতেই হবে। বিএনপি এই অবস্থান থেকে সরবে না। তবে ওই সরকারের প্রধান কে হবেন, তা খুঁজে বের করতে একটি অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠনের প্রস্তাব করতে পারে দলটি।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটও পাল্টা প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রস্তাবে নির্বাচন-কালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে কোনোভাবেই মানা হবে না বলে উল্লেখ করা হবে। এমনকি দলীয় কাউকেও ওই পদে মানা হবে না।
বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলের বৈঠকে ইতিমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া এ বিষয়গুলো নিয়ে খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া কী হবে, তা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দিয়েছে শরিকেরা। আজ সোমবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া তাঁর অবস্থান তুলে ধরবেন।
বৈঠক সূত্র জানায়, বিএনপি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের অথবা গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করতে পারে। এই কমিটি সরকারপ্রধান হিসেবে একাধিক ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। রাষ্ট্রপতি সেখান থেকে একজনকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেবেন। ওই সরকারের অন্যরা সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সদস্যদের মধ্য থেকে আসতে পারেন। সে ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি থাকবে না।
অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে সার্চ কমিটি গঠনের ব্যাপারে বিএনপির যুক্তি হলো, আদালতের রায় অনুযায়ী তাঁরা নির্দলীয় সরকারের প্রধান হতে পারবেন না। এ ছাড়া তাঁরা সমাজে নির্দলীয় ও সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত।
এ ছাড়া বিএনপি রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ অনুষ্ঠানকে গুরুত্ব দেবে। দুই জোটের একাধিক নেতাকে নিয়ে সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করার কথা বলা হবে।
১৮ দলের বৈঠকে শরিক দল এলডিপির সভাপতি অলি আহমদ সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্দলীয় সরকারের প্রধান ব্যক্তিকে খুঁজে বের করার প্রস্তাব দেওয়ার কথা বলেন। বিএনপির চেয়ারপারসন অলি আহমদের প্রস্তাবকে গ্রহণ করে বলেন, এটি করা যেতে পারে।
এ ছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি শওকত হোসেন নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম, আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল করিম সেলিমের নাম প্রস্তাব করেন। তবে তাঁরা দলীয় বলে খালেদা জিয়া তা সরাসরি নাকচ করে দেন।
১৮ দলের বৈঠক: জোটের বৈঠক গতকাল রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত হয়েছে বলে জোটের শরিক নেতারা জানিয়েছেন। তবে বিএনপি তাদের প্রতিক্রিয়ায় সরাসরি নাকচ না বলে অগ্রহণযোগ্য বলতে পারে। এ ব্যাপারে জোট ব্যাখ্যাও দেবে।
এ ছাড়া গতকালের বৈঠকে যেকোনো মূল্যে ২৫ অক্টোবর সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ করতে না দিলে ২৭ অক্টোবর থেকে অবরোধ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের সভাপতি আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, বিজেপির সভাপতি আন্দালিব রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ