সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়আজ শেষ টেস্টে সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আজ শেষ টেস্টে সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম টেস্টের অনুপ্রেরণা নিয়ে আজ(সোমবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ম্যাচটি ড্র হলেও অনেক প্রাপ্তির একটি ম্যাচ হিসেবেই দেখা হচ্ছে সেটিকে। ওই টেস্টে সফরকারী নিউজিল্যান্ডের সঙ্গে সমানে সমানে পাল্লা দেয়ার পাশাপাশি পুরো ম্যাচটিকে ৫ দিনে নিয়ে যাওয়া, এক ইনিংসে দু’টি সেঞ্চুরিকে অতিক্রম করে বাংলাদেশের জন্য বিরল এক গৌরব এনে দিয়েছেন অলরাউন্ডার সোহাগ গাজী। আর সেটি হচ্ছে একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি হ্যাটট্রিক উইকেট শিকার। যা ক্রিকেটের দেড়শ’ বছরের ইতিহাসে আর কেউ করতে পারেনি।
ফলে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি স্বাগতিক দলের এই তরুণ অলরাউন্ডার বাংলাদেশকেও পৌঁছে দিয়েছেন বিশ্ব ক্রিকেটের মর্যাদার আসনে। কারণ বিশ্ব রেকর্ডের জন্য যতদিন তাকে স্মরণ করা হবে তার নামের সঙ্গে ওঠে আসবে বাংলাদেশের নামটিও।
মিরপুরের পিচ থেকে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পাবে বলে মনে করছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। চট্টগ্রামের সফলতাকে হৃদয়ে ধারণ করেই আজ(সোমবার) বাংলাদেশ দল মাঠে নামবে বলে মন্তব্য করেছেন স্বাগতিক অধিনায়ক। তিনি বলেন, আগের সফলতার ভিত্তিতেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি।
এদিকে মিরপুরের পিচ স্পিনারদেরকেই বেশি সহায়তা দিবে বলে মত প্রকাশ করেছেন সফরকারী দলের ব্যাটসম্যান পিটার ফুলটন। তিনি বলেন, ‘এটিকে আপাত দৃষ্টিতে খুবই শুষ্ক বলেই মনে হচ্ছে। এতে অতিরিক্ত ঘাসের উপস্থিতি নেই। চট্টগ্রামের উইকেটের মত করেই পিচটি তৈরি হয়েছে। ধীর গতির বলের উপযোগী করেই এটি নির্মিত হয়েছে।’ চট্টগ্রামের পিচের তুলনায় এখানকার পিচটিতে বেশি টার্ন পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘সবকিছু বিবেচনায় রেখেই আমরা প্রস্তুত হচ্ছি।’
সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ৮টিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। সর্বশেষ জিম্বাবুয়ের কাছে হেরে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের তলানীতে পৌঁছে গেছে তারা। টেস্ট সিরিজের পর সফরকারী নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও একটি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নেবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড (সম্ভাব্য) :  মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদ উল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), আনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, নাইম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মোমিনুল হক, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
নিউজিল্যান্ড স্কোয়াড (সম্ভাব্য) :  ব্রেনডন ম্যাককালাম (অধিনায়ক), পিটার ফুলটন, হ্যামিশ রাদারফোর্ড, কিন উইলিয়ামসন, রস টেইলর, ডেন ব্রনলি, বিজে ওয়াটলিং, টম ল্যাথাম, কোরি এন্ডারসন, ডাফ ব্রেসওয়েল, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, মার্ক গিলেসপি, ইস সোধি ও ব্রুস মার্টিন।
আরও পড়ুন

সর্বশেষ