সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......২৫ অক্টোবরের সমাবেশ হবেই : রিজভী

২৫ অক্টোবরের সমাবেশ হবেই : রিজভী

পুলিশ বিএনপির নেতাকর্মীদের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়াতে, ভেতরে ঢুকতে বা ভেতর থেকে বাইরে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি একে কেমন গণতন্ত্র বলে প্রশ্ন তুলে বলেছেন এটা ‘হাসিনা মার্কা গণতন্ত্র’।রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় রিজভী আহমেদ ছাড়া অন্য কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। ২৫ অক্টোবরের সমাবেশের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, সমাবেশ আমরা করবোই।

কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আহমেদ আরও বলেন, পুরো নয়াপল্টন এলাকাজুড়ে মারমুখী অবস্থান নিয়েছে পুলিশ। নেতাকর্মীদের কাউকে কার্যালয়ের সামনে দাঁড়াতে দিচ্ছে না, কার্যালয়ের ভেতরে ঢুকতে দিচ্ছে না, এমনকি ভেতরে যারা আছেন, তাদেরকেও বাইরে বের হতে দিচ্ছে না।কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি এবং আতঙ্ক সৃষ্টি করা তাদের বাড়াবাড়ি বলে অভিযোগ তুলে সরকারের এ ‘বাটপারি আচরণের’ তীব্র নিন্দাও জানান তিনি।

এদিকে বিএনপি কার্যালয়ের আশপাশে রাস্তার দু’পাশ থেকে দোকানপাট উঠিয়ে দেওয়া হয়েছে। গত তিনদিন আগে থেকেই ওই এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। কার্যালয়টির আশপাশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে গ্রেফতার আতঙ্কে কোনো নেতাকর্মীকে কার্যালয়ে আসতে দেখা যায়নি। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আমরা আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিয়মিত ডিউটির অংশ হিসেবে কাজ করছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আটক করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ