ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের পর জানুয়ারির মধ্যভাগে নতুন নির্বাচিত সরকার দায়িত্বগ্রহণ করবে।
সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এমন আশ্বাসই দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, প্রস্তাবিত অন্তবর্তীকালীন সরকারের ব্যাপারে আওয়ামী লীগের দলগত অবস্থান এটাই উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থান থেকে একচুলও নড়বে না তারা। বিরোধী দল সরকারের প্রস্তাবে সাড়া না নিলে সরকারের কিছু করার নেই।
তিনি আরও বলেন, জানুয়ারীর মধ্যভাগেই নতুন নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবে। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আবারও জোটবদ্ধ হয়েই অংশ নিবে।




