সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়১৮ দলীয় জোটের সমাবেশ বানচাল করতে সরকার চক্রান্তমূলকভাবে ফ্যাসিবাদী সিদ্ধান্ত গ্রহণ করেছে...

১৮ দলীয় জোটের সমাবেশ বানচাল করতে সরকার চক্রান্তমূলকভাবে ফ্যাসিবাদী সিদ্ধান্ত গ্রহণ করেছে : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

১৮ দলীয় জোটের সমাবেশ বানচাল করতে সরকার চক্রান্তমূলকভাবে ফ্যাসিবাদী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শনিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রোববার থেকে ঢাকা মহানগরে সকল সভা-সমাবেশ, মিছিল, অবস্থান, মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানান ফখরুল।

তিনি বলেন, সরকারের এহেন চরম অগণতান্ত্রিক সিদ্ধান্ত বিরোধী দলের ওপর দমন-পীড়নের আর একটি অধ্যায় যুক্ত হলো। আগামীকাল ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য পেশাজীবীদের এবং ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটের সমাবেশকে বানচাল করার জন্যই সরকার চক্রান্তমূলকভাবে এই ফাসিবাদী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত ৫ বছর ধরেই সরকারের অন্ধ হিংসা ও প্রতিহিংসামূলক নিপীড়ন নির্যাতনে বিএনপিসহ আন্দোলনরত বিরোধী দলকে দমন করতে না পেরে ক্ষমতার মেয়াদ শেষে তাদের অত্যাচার উগ্ররূপ ধারণ করেছে।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার গণদাবিকে গ্রাহ্য না করে সার্বিকভাবে গণবিচ্ছিন্ন হয়ে তারা এখন ক্ষমতায় টিকে থাকার জন্য জনমতকে অগ্রাহ্য করে বিরোধীদলশুণ্য একটি রাজনৈতিক ব্যবস্থার দিকে এগুচ্ছে। যেখানে ক্ষমতাশীনদের সীমাহীন দৌরাত্ব ছাড়া গণতান্ত্রিক রীতিনীতির অবশিষ্টটুকু রাখা হবে না।

বিরোধী দলের সংবিধানসম্মত অধিকারগুলোকে সংকুচিত করে নিঃশেষ করা হবে। এই ধরণের একদলীয় সরকার ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা তারা আগেও করেছে। কিন্তু পরিণতি হয় ভয়াবহ, সক্সুর্নভাবে ব্যর্থ হয়ে জনগণের কাছে চূড়ান্তভাবে ধিক্কৃত হয়।

এরা এখন ক্ষমতা হারানোর আশংকা থেকেই  গণতন্ত্রে ন্যায়সঙ্গত আইনের শাসনকে এরা দুমড়ে মুচড়ে অকার্যকর করে ফেলে এখন জনগণ নয় এরা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পুলিশ নির্ভর হয়ে পড়েছে। সুতরাং জনগণের সমর্থনবিহীন জুলুমবাজ একটি সরকারের কী পরিণতি হয় ইতিহাসে তার অনেক দৃষ্টান্ত আছে।

বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব আগামীকাল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেট্রোপলিটন  পুলিশ কর্তৃক সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে অবিলম্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।

আরও পড়ুন

সর্বশেষ