সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপকসবায় দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী, ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে

কসবায় দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী, ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থলে গেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১২ নভেম্বর ভোরেই মন্ত্রী মন্দবাগের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম। তিনি বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেলমন্ত্রী, রেলসচিব মোফাজ্জেল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান। শরিফুল আলম বলেন, দুর্ঘটনা অনুসন্ধান করে রেল মন্ত্রণালয় তদন্ত কমিটি করবে। কমিটি খুব দ্রুত কাজ শুরু করবে জানিয়ে রেল সচিব বলেন, এখানে রেল কর্মকর্তাদের কোনো গাফলাতি আছে কি-না খতিয়ে দেখা হবে। কমিটির প্রতিবেদন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তূর্ণানিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের পর লাইন সংস্কারের কাজ করছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। ১২ নভেম্বর সকাল ১১টার মধ্যে লাইন সংস্কার করে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ঠিক সময়ে ছেড়ে গেছে। ট্রেন দুর্ঘটনাস্থলে আসার আগেই লাইন সংস্কারের কাজ শেষ হবে। আশা করছি, ১১টার মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, পাহাড়ীকা এক্সপ্রেস ৯টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও লাইন সংস্কার না হওয়ায় ট্রেনটি আজকে দেরিতে ছেড়ে যাবে। তবে মহানগর গোধূলী বিকেল তিনটায় ঢাকার উদ্দেশ্যে, মহানগর এক্সপ্রেস দুপুর ১২টা ৩০ মিনিটে, মেঘনা এক্সপ্রেস চাঁদপুর উদ্দেশ্যে বিকেল ৫টা ১৫ মিনিটে, সোনার বাংলা বিকেল ৫টায় ও তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় ঢাকার উদ্দেশে ঠিক সময়ে ছেড়ে যাবে বলে জানান রেলওয়ের এই স্টেশন ম্যানেজার।

আরও পড়ুন

সর্বশেষ