নগরের মানব বর্জ্য পাঁচটি ট্যাংকারের মাধ্যমে সংগ্রহ করে আনা হবে আরেফিন নগরের ফিকেল স্ল্যাজ ম্যানেজমেন্ট প্ল্যান্টে। এই প্ল্যান্টে স্থাপনকৃত বেডে ১৫ দিন ধরে পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানব বর্জ্য থেকে তৈরি করা হবে স্ল্যাজ কেক। তারপর এই স্ল্যাজ কেক পাঠানো হবে মধ্যম হালিশহরে অবস্থিত চসিকের সার কারখানায়। সেখানে এই ফিকেল স্ল্যাজ কেক থেকে প্রস্তুত করা হবে জৈব সার। প্রস্তুতকৃত এই জৈব সার প্যাকেজিং প্রক্রিয়ার মাধ্যমে করা হবে বাজারজাতকরণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় বেসরকারি সংস্থা ওয়াসাপ ওয়াটার এন্ড স্যানিটেশন ফর দি আরবান পুওর প্রকল্পের আওতায় এই ফিকেল স্ল্যাজ ম্যানেজমেন্ট বাস্তবায়ন করছে।
আজ দুপুরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চসিকের আরেফিন নগর টিজি এলাকায় নির্মিত এই ফিকেল স্ল্যাজ ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, এই প্ল্যান্টের মাধ্যমে মানব বর্জ্য শোধিত করে তা থেকে জৈব সার উৎপন্ন করা হবে। পরবর্তীতে এই সার বাজারজাত করা হবে। তিনি প্রস্তুতকৃত এই জৈব সারের বাজার সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধির জন্য গনমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আরেফিন নগরে নির্মিত ফিকেল স্ল্যাজ ম্যানেজমেন্ট প্ল্যান্টে ২১টি বেড স্থাপন করা হয়েছে। নগরের বিভিন্ন ভবনের সেফটি ট্যাংক থেকে সংগৃহিত মানব বর্জ্য বেডগুলোতে রেখে পরিশোধন করা হবে। প্রত্যেকটি বেডের ধারন ক্ষমতা প্রায় ১০ হাজার লিটার।
অনুষ্ঠানে ওয়াসাপের কান্ট্রি ডিরেক্টর আবদুচ শাহীন, স্যানিটেশন লিডার হাবিবুর রহমান, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম, ফিকেল স্ল্যাজ ম্যানেজমেন্ট টিম লিডার মঞ্জুর মোর্শেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




