জলাবদ্ধতা ও যানজট নিরসন করে চট্টগ্রামে পরিকল্পিত উন্নয়নের লক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠিত হয়। রোববার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ। চট্টগ্রামের চলমান সমস্যার সমাধানের আহ্বানে আলোচনায় অংশগ্রহণ করেন- সাবেক এমপি সাবিহা মুসা, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, হাসিনা জাফর, দিদারুল আলম চৌধুরী, চবি অধ্যাপক প্রফেসর হোসেন কবির, চিকিৎসক ডা. নাহিদা খান শিমু, জাকির হোসেন, সৈয়দ মাহমুদুল হক, সিদ্দিকুল ইসলাম, আরিফুল ইসলাম, আকরাম হোসেন, সালামত উল্লাহ, রেশমা আনোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, নগরবাসীর মরণদশা জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার পর্যাপ্ত পরিমাণ বাজেট বরাদ্দ করলেও যথাযথভাবে পরিকল্পিত প্রজেক্ট প্রণয়ন না হওয়ায় জলাবদ্ধতা নিরসন কর্মকাণ্ড চালানো সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে যেসব প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছেন ঐসব প্রতিষ্ঠান জলাবদ্ধতা নিরসনের কথা বলে নগরবাসীর সাথে প্রহসন করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, যানজট সমস্যা চরম আকার ধারণ করেছে। পরিকল্পিতভাবে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ। অন্যদিকে পরিবেশ দূষণের কবলে পড়ে নগরবাসী হিমশিম খাচ্ছে। পরিবেশ দূষণের কারণে দিন দিন সাধারণ মানুষের রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। বক্তারা আরও বলেন, নাগরিক ফোরামের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়নের কথা সরকারের কাছে তুলে ধরার জন্য দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।




