মিরসরাইয়ে ৬০০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ৩ মার্চ দুপুরে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় এলাকা থেকে একটি পাজারো মিতসুবিশি জিপগাড়িসহ তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা। গ্রেফতার দুইজন হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার আজমপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে রাকিব (৩৪) ও একই জেলার মোবারকপাড়া এলাকার আলী হোসেনের ছেলে করিম খান কালু (৩৪)।
মশিউদ্দৌলা রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে স্বর্ণগুলো নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। তিনি বলেন, ‘গাড়ির তেলের টাংকির পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রেখে নিয়ে যাওয়া হচ্ছিল স্বর্ণগুলো। গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ২৬ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানান মশিউদ্দৌলা রেজা।
এর আগে রোববার দুপুরে সিআরবি এলাকা থেকে ১০০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। স্বর্ণগুলো নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।




