বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে ভোটযুদ্ধ এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমাদের বিজয়ী হতে হবে। আসুন সবাই ভোটযুদ্ধে অবতীর্ণ হই। ১৭ নভেম্বর দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আইনজীবী সমাবেশ তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগই প্রথম সাম্প্রদায়িক শক্তির প্রশ্রয় দিয়েছে। আপনারা কার পাশে বসে ‘কওমি জননী’ উপাধি নিলেন সেটাও জনগণ জানে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপি যাতে নির্বাচনে না থাকে সেজন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের দলীয় ফরম বিক্রির মধ্যে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ঢুকে শান্তিপূর্ণ কর্মসূচিকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে। যত ষড়যন্ত্রই হোক আমরা ভোটে আছি এবং শেষদিন পর্যন্ত থাকবো। আমার ভোট আমি দেব, লড়াই করে ভোট দেব।
জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আয়োজনে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে অনুষ্ঠিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন আর প্রধান বক্তা ছিলেন বিএনপি মহাসচিব ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশানের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় মহাসমাবেশে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপিপন্থি আইনজীবীরাও বক্তব্য দেন সমাবেশে।




