ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
কাদের মোল্লার ফাঁসির রায় হওয়াতে বিএনপি বেসামাল হয়ে উঠেছে।এই রায়ের পর বিএনপি নেতারা বিপর্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ যুবলীগ আয়োজিত কাদের মোল্লার রায় পরবর্তী আনন্দ মিছিল শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির রায়ে বিরোধী দল বিএনপিসহ তাদের দোসর জামায়াত শিবির বেসামাল হয়ে গেছে। মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে হরতাল ডেকেছে।
তিনি বলেন, কাদের মোল্লার রায়ের প্রতিক্রিয়া জানতে বিএনপির নেতাদের সাংবাদিকরা ফোন করেও পাচ্ছে না। কারণ তারা এ ব্যাপারে কথা বলতে লজ্জ্বা পাচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন আওয়ামী লীগের এ নেতা।




